অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় অর্জন করায় বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
রোববার এক অভিনন্দন বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশের এই ঐতিহাসিক টেস্ট জয় দেশের ক্রিকেট ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। টাইগারদের অসাধারণ লড়াকু মানসিকতা, আত্মবিশ্বাস, দলীয় প্রচেষ্টা ও নৈপুণ্য পুরো জাতিকে গর্বিত করেছে।
তিনি বলেন, এই বিজয় বাংলাদেশের ক্রিকেটারদের সক্ষমতা ও সম্ভাবনার উজ্জ্বল প্রমাণ। টেষ্ট ক্রিকেটের এক নাম্বার দল অষ্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে তাদের দেশের মাটিতেই শেষ পর্যন্ত জয় ছিনিয়ে এনে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বমঞ্চে দেশের মর্যাদা আরও সমুন্নত করেছে।
জিএম কাদের বাংলাদেশ ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, আমি আশা করি, এই ঐতিহাসিক বিজয় বাংলাদেশ দলের আত্মবিশ্বাস আরও বাড়াবে এবং আগামী দিনগুলোতে তারা আন্তর্জাতিক ক্রিকেটে আরও বড় সাফল্য অর্জন করবে।
তিনি আন্তরিকভাবে অভিনন্দন জানান, বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড় ও এর সাথে সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গকে। একই সঙ্গে এই গৌরবময় অর্জনের জন্য দেশবাসীকে জানাই শুভেচ্ছা ।


